ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি বিদ্যালয়ে দুদিন আগে এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে করা মামলায় আজ রোববার বিদ্যালয়টির প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আহত ছাত্রের বাবা শাল্লা থানায় মামলাটি করেন।

মামলার বিষয়টি জানতে পেরে আজ বিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে।

গত বৃহস্পতিবার শাল্লা উপজেলার সাহিদ আলী পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়ে ছাত্রকে মারধরের ঘটনাটি ঘটেছে। আহত শিক্ষার্থীর নাম বিলাস সরকার। সে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বিলাস বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

পুলিশ, বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন প্রধান শিক্ষক আরিফ মো. দুলাল বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির অঙ্কের ক্লাস নিচ্ছিলেন। তিনি ছাত্রদের একটি অঙ্ক করতে দিয়ে বলেন, তিনি যখন ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষা দেন, তখন প্রশ্নপত্রে অঙ্কটি ছিল। তিনি সেটি পেরেছেন কিন্তু তাঁর এক প্রতিদ্বন্দ্বী, যিনি বর্তমানে পার্শ্ববর্তী আরেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি পারেননি। এ কথা শুনে শিক্ষার্থীরা হেসে উঠলে তিনি ক্ষিপ্ত হন। বিলাসকে ডেকে তিনি হাসির কারণ জানতে চান। বিলাস কোনো জবাব না দেওয়ায় তিনি তাঁকে কিল-ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে তার মাথায় আঘাত করেন।

এ ঘটনায় আজ সকালে ওই শিক্ষককে আসামি করে শাল্লা থানায় মামলা করেন বিলাসের বাবা শিক্ষক হরিপদ সরকার। দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় থেকে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা ও শিক্ষক আরিফ মো. দুলালকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।