ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক!

ঢাকার ধামরাইয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়েরই এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আঘাতের কারণে তার পায়ে প্লাস্টার করতে হয়েছে। আজ শনিবার সকালে বিদ্যালয়েই এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম গৌর ঘোষ (১৫)। সে রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামের নেপাল চন্দ্র ঘোষের ছেলে এবং স্থানীয় রোয়াইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, গত বছরের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে গৌর ঘোষ কয়েক বিষয়ে অকৃতকার্য হয়। এ কারণে সে দশম শ্রেণিতে ক্লাস করতে পারেনি। আজ সকালে সে প্রধান শিক্ষক আমজাদ হোসেনের কক্ষে গিয়ে ক্লাস করার অনুমতি দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু আমজাদ হোসেন তাকে দশম শ্রেণিতে উন্নীত করা সম্ভব নয় বলে কক্ষ থেকে চলে যেতে বলেন। এ সময় গৌর ঘোষ বারবার ওই শিক্ষককে অনুরোধ করতে থাকলে আমজাদ হোসেন তাকে লোহার পাইপ দিয়ে মারপিট করেন। আঘাতের কারণে গৌর অচেতন হয়ে পড়লে তাকে সাভারের সুপার মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাম পায়ে প্লাস্টার করার পর বিদ্যালয়ের দুই শিক্ষক তাকে বাড়ি নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিজয় কর্মকার বলেন, আঘাতের কারণে গৌর ঘোষের বাম পায়ের হাঁটুর ভেতরে সফট টিস্যু ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সে হাটতে পারছে না। তাকে অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। বাম পা ছাড়াও তার ডান পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।
গৌর ঘোষ জানায়, দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাকে দশম শ্রেণির ক্লাস করতে দেওয়া হচ্ছিল না। এ কারণে শিক্ষক আবদুল মজিদের পরামর্শে সে প্রধান শিক্ষক আমজাদ হোসেনের কক্ষে গিয়ে তাকে দশম শ্রেণিতে ক্লাস করার অনুমতি দেওয়ার অনুরোধ জানায়। এ সময় ওই শিক্ষক হঠাৎ ক্ষেপে গিয়ে লোহার পাইপ দিয়ে তার বাম পায়ের হাঁটুতে আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে। সে জানায়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে আইনের আশ্রয় না নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
শিক্ষক আমজাদ হোসেন বলেন, গৌর ঘোষ পাঁচ বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাকে দশম শ্রেণিতে উন্নীত করা হয়নি। এর পরেও সে দশম শ্রেণিতে ক্লাস করার জন্য চাপ প্রয়োগ করছিল। এ কারণে লাঠি দিয়ে তার বাম পায়ে আঘাত করা হয়। এতে সে ওই পায়ে ব্যথা পেয়ে থাকতে পারে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ না পাওয়া গেলেও থানার পক্ষ থেকে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।