ছাত্রকে পেটালেন শিক্ষক, শিক্ষককে অভিভাবক
বিদ্যালয়ে দেরিতে যাওয়ায় গতকাল শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলার শেখ আকিজ উদ্দীন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেত্রাঘাত করেন ক্রীড়া শিক্ষক। পরে ওই ছাত্র বাড়িতে গিয়ে বাবাকে এনে ওই শিক্ষককে পিটুনি দেয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ছাত্র ও ছাত্রের বাবাকে স্কুলে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল জলিলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের সমাবেশে (অ্যাসেম্বলি) উপস্থিত না থাকায় গতকাল সকালে ক্রীড়া শিক্ষক আমজাদ হোসেন সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির হোসেনসহ কয়েকজন ছাত্রকে বেত্রাঘাত করেন। পরে সাব্বির বাড়িতে গিয়ে তার বাবা আবদুল হান্নানকে বিদ্যালয়ে ডেকে এনে ওই শিক্ষককে মারধর করে। পরে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করে। এ সময় মাঠে রাখা ওই অভিভাবকের ব্যবহৃত মোটরসাইকেল শিক্ষার্থীরা পুড়িয়ে দেয়। বিক্ষুব্ধ ছাত্রদের রোষানল থেকে বাঁচাতে ওই ছাত্র ও অভিভাবককে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে বিষয়টি স্থানীয় সাংসদ, ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। ওসি ও ইউএনও ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুজিবুর রহমান আরও বলেন, ‘আইনে নিষিদ্ধ হলেও ছাত্রদের মানুষ করতে অনেক সময় শাসন করতে হয়। সে হিসেবে ওই শিক্ষক ছাত্রকে বেত্রাঘাত করেছেন। যদিও তিনি অন্যায় করেছেন। কিন্তু ওই অভিভাবক আমাকে কিছু না জানিয়ে সরাসরি শিক্ষক মিলনায়তনে গিয়ে শিক্ষককে মারধর করেছেন। যে কারণে ওই শিক্ষককে আর কারণ দর্শানোর নোটিশ দেওয়া যাচ্ছে না।’
এ ব্যাপারে থানার ওসি মোল্যা খবির আহমেদ বলেন, ‘খবর পেয়ে ইউএনও ও আমি স্কুলে যাই। শিক্ষককে পিটিয়ে ছাত্র ও অভিভাবক অন্যায় করেছেন। আবার ছাত্রকে বেত্রাঘাত করে ওই শিক্ষকও অপরাধ করেছেন। এ জন্য ইউএনও আবদুল জলিলের নেতৃত্বে আজ দাপ্তরিক দিনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয় পক্ষের শাস্তি নিশ্চিত করা হবে। প্রধান শিক্ষক ওই ক্রীড়া শিক্ষককে আদালতে হাজির করবেন।