ছাত্রকে বলাৎকার মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার
ছাত্রকে বলাৎকারের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই প্রধান শিক্ষক এলাকার মসজিদের ইমাম ছিলেন। ঘটনার পর মসজিদ পরিচালনা কমিটি ইমামের পদ থেকে তাঁকে বহিষ্কার করে।
পুলিশ জানায়, নির্যাতিত ছাত্রের (১৪) বাড়ি কাচারীপাড়া এলাকায়। তার মা ছাড়া আর কেউ নেই। স্বামী অন্যত্র চলে যাওয়ায় অসহায় মা ছেলেকে শহরের বাবুপাড়া এলাকার ওই মাদ্রাসায় ভর্তি করে দেন।
নির্যাতিত ছাত্রের বিবরণ, এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রধান শিক্ষক ছেলেটির ওপর যৌন নির্যাতন চালান। পরদিন জানাজানি হলে ছেলেটির সহপাঠীরা ও আত্মীয়স্বজন মসজিদের একটি কক্ষে প্রধান শিক্ষককে আটকায়। পরে পুলিশ প্রধান শিক্ষককে থানায় নেয়।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, ওই ছাত্রের ভগ্নিপতি বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করেন। তবে ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন।