ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক মাদ্রাসাছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ওই শিক্ষককে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

ওই মাদ্রাসাশিক্ষকের নাম মারুফ বিল্লাহ (২২)। ভুক্তভোগী শিশুটির মা গত ২৫ সেপ্টেম্বর এই শিক্ষকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

যাত্রাবাড়ী থানা-পুলিশ বলছে, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। তবে ভুক্তভোগী শিশুর মা প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ী এলাকার একটি আবাসিক মাদ্রাসায় তাঁর ছেলে চার বছর ধরে পড়াশোনা করে আসছিল। গত ১৯ সেপ্টেম্বর তাঁর ছেলেকে বলাৎকার করেন ওই মাদ্রাসাশিক্ষক। আদালতে পুলিশ এক প্রতিবেদন দিয়ে বলেছে, মাদ্রাসাশিক্ষক মারুফ বিল্লাহ ওই শিশুকে বলাৎকার করেছেন। শিশুটি গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতকে বলাৎকারের ঘটনার বিষয়টি জানিয়েছে। সেদিন আদালত শিশুটির জবানবন্দি রেকর্ড করে।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জয়কৃষ্ণ বর্মণ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদ্রাসাশিক্ষক মারুফ বিল্লাহ শিশুটিকে বলাৎকার করেছেন। আসামি মারুফের বাড়ি ফরিদপুর। সেখানেও খোঁজ নেওয়া হয়েছে। যেকোনো সময় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হবে।

শিশুটির মা বলেন, সেদিন ভোররাতে তাঁর ছেলেকে ঘুম থেকে ওঠান ওই মাদ্রাসাশিক্ষক। তাঁর ছেলেকে হাত-পা টিপে দিতে বলেন মারুফ বিল্লাহ। পরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বলাৎকার করা হয়। এরপর বাসায় এসে তাঁর ছেলে বলে, সে আর ওই মাদ্রাসায় পড়বে না। একপর্যায়ে বলাৎকারের ঘটনাটি ছেলের মুখ থেকে জানতে পারেন।

যাত্রাবাড়ী এলাকার ওই মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি শুনেছেন, তাঁর মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে মারুফ বিল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। এর বেশি কিছু তিনি জানেন না।

শিশুটির মা জানালেন, এ ঘটনার পর থেকে তাঁর ছেলেকে আর মাদ্রাসায় পাঠাননি। সে এখন বাসায় থাকছে। ঠিকমতো খেতে চাচ্ছে না, সব সময় মন মরা থাকে।