ছাত্রকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ
সাদাপোশাকধারী লোকজন গত রোববার বিকেলে বাসা থেকে হাতকড়া পরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তাঁর নাম নেজাম উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পরীক্ষা দিয়েছেন। এখনো পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। পরিবারের সন্দেহ, যাঁরা তুলে নিয়ে গেছেন, তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ ঘটনার পর পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার কার্যালয়ে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও তাঁর খোঁজ মেলেনি।
পরিবারের দাবি, নেজাম কোনো রজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাঁর নামে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে নেজাম উদ্দিনের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করে তাঁর পরিবার। সংবাদ সম্মেলনে নেজামের বাবা আহমদ কবির, ছোট ভাই আব্বাস উদ্দিন, চাচা নবী ইসলাম, ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মো. সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন। নেজামের বাবা কৃষিকাজ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেজামের ভাই আব্বাস উদ্দিন বলেন, তাঁরা দুই ভাই নগরের বাকলিয়া থানাধীন বড়মিয়া মসজিদসংলগ্ন একটি ভবনের দোতলায় ভাড়া থাকেন। পড়াশোনার পাশাপাশি ওই ভবনের একতলায় একটি মুদিদোকান চালান তাঁরা। পরিবারের বাকি সদস্যরা সাতকানিয়ায় গ্রামের বাড়িতে থাকেন। গত রোববার দুপুরে তাঁরা দুই ভাই বাসায় ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে তিনি শৌচাগারে যান। ওই সময় নেজাম বিছানায় শুয়ে ছিলেন। শৌচাগার থেকে বের হয়ে তিনি দেখেন সাদাপোশাকের আট-নয়জন লোক তাঁর ভাই নেজামকে ঘিরে রেখেছেন। এ সময় তিনি পরিচয় জানতে চাইলে তাঁরা কোনো উত্তর দেননি। ঘর তল্লাশি শেষে কিছু না পেয়ে নেজামকে হাতকড়া পরিয়ে নিয়ে যান তাঁরা।
আব্বাস বলেন, তাঁর ভাইকে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাঁর দিকে অস্ত্র তাক করে ধমক দেন সাদাপোশাকধারী লোকজন। তাঁর ভাইয়ের মুঠোফোন নম্বরে পরে যোগাযোগ করার কথা বলে তাঁরা চলে যান। বাসার নিচে একটি মাইক্রোবাস ছিল। ওই মইক্রোবাসে করে তাঁর ভাইকে নিয়ে যান তাঁরা। তিনি বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে বাড়িতে জানিয়ে বাকলিয়া থানায় যান তিনি। সেখানে ভাইয়ের সন্ধান না পেয়ে লালদীঘির পাড়ে ডিবি কার্যালয়, জেলা পুলিশ ও র্যাব কার্যালয়ে যান। কিন্তু কোথাও তাঁর ভাইয়ের সন্ধান পাননি। গত মঙ্গলবার বাকলিয়া থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
নেজামের বাবা আহমদ কবির বলেন, নেজাম যদি অপরাধ করেন, তাহলে আইন অনুসারে তাঁর বিচার করা হোক। তা না হলে তাঁর ছেলেকে ফিরিয়ে দেওয়া হোক। আর যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে ধরে নিয়ে না যায়, তাহলে নেজামকে খুঁজে বের করার দায়িত্ব তাদের।
বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ‘নেজামের বাবা ও ভাই দুই দিন আগে তাঁকে খুঁজতে থানায় এসেছিলেন। তখন তাঁদের জানিয়েছি, নেজামকে আমরা ধরিনি। তবে অন্য কেউ ধরেছে কি না খোঁজ নেন। এরপর আর তাঁরা আমার কাছে আসেননি।’