ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় রিপন হোসেন নামের অষ্টম শ্রেণির ছাত্রকে বেত্রাঘাত করেছিলেন প্রধান শিক্ষক গোলাম হোসেন। এই বেত্রাঘাতের শোধ নিতে ওই ছাত্রের চাচাতো ভাই সুজন দলবল নিয়ে প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগরে এ ঘটনা ঘটে। গোলাম হোসেন মহেশপুরের দত্তনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা।
মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক গোলাম হোসেন বলেন, মঙ্গলবার অষ্টম শ্রেণির ছাত্র পাশের জীবননগর উপজেলার পাতিলা গ্রামের রিপন হোসেন ক্লাসের ফাঁকে বিদ্যালয়ের ভেতরে সহপাঠী এক ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে। ওই ছাত্রী কয়েকজন শিক্ষককে ঘটনাটি জানায়। এরই মধ্যে বিদ্যালয় ছুটি হয়ে যায়। বুধবার তিনি স্কুলে এলে শিক্ষকেরা বিষয়টি তাঁকে জানান। তিনি ক্লাস থেকে ওই ছাত্রকে অফিসকক্ষে ডেকে পাঠান। বিষয়টি রিপনের কাছে জানতে চাইলে সে সব শিক্ষকের সামনে খারাপ আচরণ শুরু করে। এ সময় তিনি লাঠি দিয়ে দুটি আঘাত করেন। একটি আঘাত ঠেকাতে গেলে ওই ছাত্রের বাঁ হাত কিছুটা কেটে যায়। এরপর ছাত্র বাড়ি ফিরে যায়।
গোলাম হোসেন আরও বলেন, গতকাল সকালে ওই ছাত্রের অভিভাবকেরা বিষয়টি জানার জন্য বিদ্যালয়ে আসেন। শিক্ষকেরা বেত্রাঘাতের কারণ জানান। ঘটনা শুনে অভিভাবকেরা শিক্ষকদের বলেন, এভাবে মারপিট করা ঠিক হয়নি। বিষয়টি তাঁদের জানানো ভালো ছিল—এই বলে তাঁরা চলে যান। এরপর সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের প্রয়োজনে তিনি শহরে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। বিদ্যালয় প্রাঙ্গণের ১০০ গজ দূরে যাওয়া মাত্র গাছের আড়ালে লুকিয়ে থাকা রিপনের চাচাতো বড় ভাই সুজন দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে গেছে। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলতাফ হোসেন বলেন, মেয়েটি তাঁর এলাকার। এর আগেও রিপন ওই মেয়েটিকে রাস্তায় উত্ত্যক্ত করেছিল। সে সময় শিক্ষকেরা শাসন করেন। এবারও তাঁরা শাসন করেছেন। কিন্তু সন্ত্রাসী সুজন প্রধান শিক্ষককে অন্যায়ভাবে মারপিট করেছে।
শিক্ষক গোলাম হোসেন বলেন, তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। আশা করছেন, হামলার ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পারবেন।