ছাত্রকে মারধর পাঁচ সদস্যের কমিটি গঠন
বরগুনার পাথরঘাটা উপজেলায় সিফাত আহম্মেদ (১৬) নামের এক ছাত্রের মাথায় ও কানে প্রচণ্ড আঘাতের অভিযোগ পাওয়া গেছে। এতে কান দিয়ে রক্তক্ষরণ নিয়ে ওই ছাত্রকে গতকাল রোববার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে।
সিফাত আহম্মেদ ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানতে চাইলে চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নমিতা রানী গতকাল দুপুরে বলেন, ‘ওই ঘটনায় আজ (রোববার) শিক্ষক প্রফুল্ল চন্দ্র মিস্ত্রিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক দিনের (সোমবার) মধ্যে ওই তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
সিফাত আহম্মেদের মা রিনা পারভিন অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উচ্চ শব্দে কথা বলার অভিযোগে প্রথমে সহকারী শিক্ষক রণজিতা রানী বকাবকি করেন। পরে ওই শিক্ষক অপর সহকারী শিক্ষক নীল কমলকে ডেকে আনেন। শিক্ষক নীল কমল এসে সিফাত আহম্মেদের মাথায় ও কানে প্রচণ্ড আঘাত করেন। এতে কান দিয়ে রক্তক্ষরণ হয়। আর মাথা ও ঘাড়ের বিভিন্ন অংশ ফুলে যায়। ঘটনার পর থেকে স্থানীয়ভাবে পল্লি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করানো হয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পল্লি চিকিৎসক রিপন চন্দ্র হাওলাদার বলেন, প্রচণ্ড আঘাতে সিফাত আহম্মেদের মাথা ব্যথা করছিল। একই সঙ্গে সে খাবারও খেতে পারছিল না। তাই তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
সিফাত আহম্মেদের বাবা মো. সবুজ ডিলার বলেন, অকারণে সিফাতের মাথায়, ঘাড়ে ও কানে প্রচণ্ড আঘাত করেন নীল কমল স্যার। এতে কান দিয়ে রক্তক্ষরণ হয়। একই সঙ্গে মাথা ও ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে। এখন চিকিৎসকেরা সিটিস্ক্যান করার পরামর্শ দিয়েছেন।
অভিযোগ সম্পর্কে সহকারী শিক্ষক নীল কমল বলেন, ‘এক ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করায় ওই ছাত্রকে আমি দুটি চড় মেরেছি।’
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম বলেন, ওই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।