ছাত্রকে মারধর, স্কুলশিক্ষক বরখাস্ত
বাগেরহাটের কচুয়া উপজেলার সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগে ওই বিদ্যালয়ের একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার সাংবাদিকদের বলেন, ছাত্রকে মারধরের ঘটনায় আজ সোমবার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মারধরের শিকার ছাত্রের নাম জুবায়ের রহমান। সে পঞ্চম শ্রেণির ছাত্র। শিক্ষক তুষার কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ, পড়া না পারায় গত শনিবার তিনি জুবায়েরকে ডাস্টার দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মুখ, মাথা ও চোয়াল ফুলে যায়। ওই দিন বিকেলে জুবায়েরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জুবায়েরের মা জাকিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেকে পড়া না পারার অপরাধে যেভাবে মারপিট করা হয়েছে তা বলার মতো নয়। আমি ওই শিক্ষকের শাস্তি দাবি করছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক তুষার সাংবাদিকদের বলেন, ‘জুবায়েরকে মারধরের অভিযোগ মিথ্যা। দশ বছর ধরে আমি এ বিদ্যালয়ে আছি। আমার বাধার কারণে বিদ্যালয়ের ছাত্রদের প্রাইভেট বা কোচিং সেন্টারে নিতে না পারায় স্থানীয় একটি মহল আমার ওপর ক্ষুব্ধ। তারাই উদ্দেশ্যমূলকভাবে আমাকে ফাঁসিয়েছে।’