ছাত্রকে মারধরের অভিযোগে শিক্ষককে কুপিয়ে জখম
গোপালগঞ্জে একটি বিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করায় শ্রেণিকক্ষে ঢুকে সহকারী প্রধান শিক্ষককে ওই ছাত্রের ভাই কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।
দশম শ্রেণির অতিরিক্ত ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সুমন খলিফা গত সোমবার লুঙ্গি পরে বিদ্যালয়ের অতিরিক্ত ক্লাস করতে আসে। বেলা ১১টার দিকে শিক্ষক জীবেশ বাড়ৈয়ের ক্লাস চলার সময় সুমনের দুই সহপাঠী টান দিয়ে সুমনের লুঙ্গি খুলে ফেলে। এ ঘটনায় জীবেশ ওই তিন ছাত্রকে সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার পালের কাছে নিয়ে যান। সহকারী প্রধান শিক্ষক সব কথা শুনে বিদ্যালয়ে লুঙ্গি পরে আসায় ও লুঙ্গি টান দেওয়ায় তিনজনকে লাঠি দিয়ে পেটান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনার পর সুমনের ভাই সুজন খলিফা গতকাল মঙ্গলবার সকালে একটি রামদা নিয়ে বিদ্যালয়ে এসে দশম শ্রেণির কক্ষে ঢুকে সহকারী প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করেন। তিনি তখন দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ ঘটনায় দীপক কুমার পালের ডান পায়ের ওপরের দিকে জখম হয়। পরে তিনি স্থানীয় পল্লিচিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে গতকাল দুপুরে গোপালগঞ্জ সদর থানায় সুজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রমজান জানান, পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে রামদাটি জব্দ করেছে। তবে সুজন পলাতক রয়েছে।