ছাত্রকে রক্তাক্ত : দুই শিক্ষক বরখাস্ত
ক্লাসে দেরি করে আসায় ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে চিকিত্সার জন্য ওই ছাত্রকে আজ শুক্রবার রাজশাহীতে নেওয়া হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কয়েকজন স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত রোববার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ইকরাম আল কাভি কাব্যসহ ১১ জন শিক্ষার্থী বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দেওয়া একটি ফুটবল আনতে স্কুলসংলগ্ন তাঁর কার্যালয়ে যায়। সেখান থেকে ক্লাসে ফিরতে তাদের কিছুটা দেরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা পারভিনের নির্দেশে সহকারী শিক্ষক আরিফ কাওছার বেত দিয়ে ১১ শিক্ষার্থীকে মারধর করেন। একপর্যায়ে বেতের একটি আঘাত ইকরামের ছাত্রের পুরুষাঙ্গে লাগে। এ কারণে তার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত ঝরে। শিক্ষার্থীরা ভয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়নি।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন ছাত্রের বাবা।
আজ প্রথম আলোতে এ নিয়ে ‘স্কুলে গিয়ে রক্তাক্ত ছাত্র’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবর পড়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুঠোফোনে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) শারমিন ফেরদৌস চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রী তাঁকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নির্দেশ অনুযায়ী আজ দুপুরে অভিযুক্ত শিক্ষক লায়লা পারভিন ও আরিফ কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক মুরাদ হোসেন ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। আগামী রোববারের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া উপজেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আগামী রোববার একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সভায় শিক্ষকদের সচেতনতা বাড়ানোর জন্য বক্তব্য তুলে ধরা হবে।
আহত ছাত্র ইকরাম আল কাভি কাব্যর বাবা প্রথম আলোকে জানান, উন্নত চিকিত্সার জন্য কাব্যকে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন বিকেলে ইকরামের পুরুষাঙ্গ পর্যবেক্ষণ করেছেন। একই সঙ্গে পাঁচ ধরনের পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার ফলাফল পেলে চিকিত্সা শুরু করা হবে বলে জানান কাব্যের বাবা।