ছাত্রকে শাসন, শিক্ষককে লাঞ্ছিত করলেন অভিভাবক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গতকাল মঙ্গলবার ছাত্রকে শাসন করায় ওই ছাত্রের অভিভাবক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এ ঘটনায় ওই অভিভাবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনসুর রহমান ওই সাজা দেন।
উপজেলা প্রশাসন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরে লিডো কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র স্কুলে ক্লাস চলার সময় শিক্ষক মো. রেজাউল করিম গতকাল সকালে তৃতীয় শ্রেণির ছাত্র আবির তালুকদারকে পড়ালেখা না করায় কান ধরে শাসন করেন। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার বাবা আবুল কালামকে ঘটনাটি জানায়। ঘটনা শুনে তিনি ক্ষিপ্ত হয়ে ক্লাস চলার সময় ওই শিক্ষককে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁকে ক্লাস থেকে বের করে এনে মাঠের মধ্যে লাথি মেরে শিক্ষার্থীদের সামনে বেদমভাবে প্রহার করেন। এ সময় সহকর্মী শিক্ষকেরা এগিয়ে এলে তাঁদের গালাগাল করে ওই অভিভাবক ক্যাম্পাস ত্যাগ করেন। পরে আহতাবস্থায় শিক্ষক রেজাউল করিমকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষককে মারধর করার প্রতিবাদে বিচারের দাবিতে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, বিষয়টি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান খানকে জানানো হয়। এ নিয়ে জরুরি বৈঠক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিভাবক আবুল কালামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত আবুল কালামকে কারাগারে পাঠানো হয়েছে।