ছাত্রকে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে সুপার আটক
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার সুপারকে আটক করে জেলে পাঠানো হয়েছে।
ছাত্রের নাম হাবিবুর রহমান। সে দাউদকান্দি উপজেলার বরকোটা বিটেশ্বর খানকায়ে জামালিয়া এবতেদায়ি নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র এবং মিজি কয়রাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ছাত্রের পরিবারের সদস্যরা বলেন, ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসা কয়েক দিন বন্ধ রাখা হয়। এ সময় হাবিবকে মাদ্রাসার সুপার ওমর ফারুক এলাকায় ঘুরে ঘুরে এতিমদের জন্য কোরবানির চামড়ার টাকা ওঠানোর দায়িত্ব দেন। তবে হাবিব ঈদের পরদিন তাঁকে কিছু না বলেই বাড়ি চলে যায়। গত সোমবার সকালে হাবিব বাড়ি থেকে ফিরে আসার পর সুপার তার কাছে টাকা সংগ্রহের হিসাব জানতে চান। তখন হাবিব বলে, সে টাকা ওঠাতে পারেনি।
এ সময় সুপার বিটেশ্বর বাজার মসজিদের দোতলায় তাঁর থাকার কক্ষে হাবিবকে নিয়ে যান। সেখানে তিনি তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন। সন্ধ্যার আগে হাবিব শিকল খুলে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে যায়। শিশুর মা মরিয়ম বেগম ছেলের এ অবস্থা দেখে এলাকাবাসীর সহযোগিতা চান। এলাকাবাসী সন্ধ্যায় মাদ্রাসায় এসে সুপারকে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে অধ্যক্ষকে থানায় নিয়ে যায়।
মাদ্রাসার সুপার ওমর ফারুক বলেন, ‘হাবিবকে ভয় দেখানোর জন্য এভাবে আটকে রেখেছিলাম। আমি ওকে মারধর করিনি।’
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া গতকাল মঙ্গলবার সকালে বলেন, এ ঘটনায় হাবিবুর রহমানের চাচা বিল্লাল হোসেন বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন। মাদ্রাসার সুপার ওমর ফারুককে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।