ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রলীগের ভর্তি-বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছিল প্রগতিশীল ছাত্রজোট। মিছিল নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন তাঁরা। এতে নারী কর্মীসহ কমপক্ষে ২০ জন আহত হন।
গতকাল বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের নগরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রগতিশীল ছাত্রজোটের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের ক্যাডারদের মারধরের শিকার নারী কর্মীদের উদ্ধারে সাহায্য চাইলে উপস্থিত পুলিশ সদস্যরা এগিয়ে আসেননি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজে ছাত্রলীগের ভর্তি-বাণিজ্য বন্ধ, শিক্ষার মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধসহ বিভিন্ন দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের মূল ফটক তালাবদ্ধ করে দেন। একপর্যায়ে পেছন থেকে পুলিশের উপস্থিতিতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ এবং তোফা ও আলীমের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয় এবং মিছিলকারীদের এলোপাতাড়ি মারধর করে তাড়িয়ে দেওয়া হয়।
হামলার অভিযোগ অস্বীকার করেছেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান।
ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে।