ছাত্রজোটের সমাবেশে পুলিশের বাধা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট আয়োজিত সমাবেশে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সমাবেশের জন্য ভাড়া করা মাইকের অপারেটরকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তোবা গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ গণতান্ত্রিক বাম মোর্চার নেতাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিশ্ববিদ্যালয় প্রগতিশীল জোটের নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের তাঁবু থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে ও ভবন প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় পুলিশ সমাবেশে বাধা দেয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন অভিযোগ করে বলেন, ওসি আলমগীর হোসেন সমাবেশের জন্য ভাড়ায় আনা মাইকের অপারেটর আলাউদ্দিনকে (৬০) মারধর করেন।
ওসি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সমাবেশে মাইক বাজাতে নিষেধ করা হয়। নিষেধ না মানায় এমনটি করা হয়েছে।