ছাত্রটিকে আটক করে টাকা নেয় ডিবি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে গত শনিবার সন্ধ্যায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলই অভিযান চালিয়েছিল। ওই দলের নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তে এ তথ্য ফাঁস হয়েছে।
এদিকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে আদায় করা টাকার মধ্যে ছয় হাজার টাকা ফেরত দিয়েছেন ইউপি সদস্য বাচ্চু মিয়া। তাঁর হাতেই ওই টাকা তুলে দিয়েছিলেন নজরুলের স্ত্রী আছমা আক্তার।
আছমা আক্তারসহ স্থানীয় লোকজন বলেন, শনিবার সন্ধ্যায় একটি মাইক্রোবাসে করে সাতজন লোক এসে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন। তাঁদের একজনের কাছে একটি পিস্তল ও অপর একজনের কাছে একটি বন্দুক ছিল। তাঁরা বাড়ির ভেতরে ঢুকে তাঁর বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে সুমনকে আটক করে তাঁর কাছে ২০০ ইয়াবা বড়ি আছে বলে দাবি করেন। সুমন অস্বীকার করলে তাঁরা সুমনের ঘরে ঢুকে এক পুরিয়া গাঁজা পাওয়ার কথা জানান। এরপর তাঁরা সুমনকে গাড়িতে তোলার চেষ্টা করেন।
সুমনকে ছাড়িয়ে রাখতে আছমা আক্তার ইউপি সদস্য বাচ্চু মিয়ার কাছে ছয় হাজার টাকা দেন। এতে সুমনকে ছাড়তে রাজি না হওয়ায় এক প্রতিবেশী আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল প্রথম আলোয় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি তদন্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম। এ সময় তিনি ডিবির কর্মকর্তাসহ সুমন ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পান।
সুমন বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় ইউপি সদস্য বাচ্চু মিয়া তাঁকে বিভিন্ন মামলায় আসামি করে হয়রানির হুমকি দিয়ে যাচ্ছেন।
তবে বাচ্চু মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।
আশরাফুল আজীম বলেন, সুমনের বাড়িতে অভিযান চালায় ডিবি ঢাকা জেলা ডিবি পুলিশের একটি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন এসআই জহিরুল ইসলাম।
তিনি বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্তকালে প্রাপ্ত তথ্য প্রতিবেদন আকারে পুলিশ সুপারকে দেওয়া হবে। তদন্তের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।