ছাত্রত্ব বাতিল হওয়া তিনজন রিমান্ড শেষে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএমবির সদস্য সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী এ আদেশ দেন।

এই তিনজন হলেন নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তবে গত মঙ্গলবার তাঁদের ছাত্রত্ব বাতিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, নগরের কর্ণফুলী থানায় সন্ত্রাস দমন আইনে করা একটি মামলায় গত সোমবার এই তিন ছাত্রকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান। তাঁদের বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজারে জেএমবির চট্টগ্রামের কমান্ডার ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্র-গুলি, বিস্ফোরক, দুটি র্যাঙ্ক ব্যাজসহ সেনাবাহিনীর ১২ সেট পোশাক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাটহাজারী থানায় তিনটি মামলা হয়।
মামলায় বিশ্ববিদ্যালয়ের ওই তিন ছাত্র ও জেএমবির নেতা ফারদিনকে আসামি করা হয়। এ ছাড়া তিন ছাত্রের বিরুদ্ধে কর্ণফুলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে।