ছাত্রদল ও যুবদলের নয় নেতার নামে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠানে গত সোম ও মঙ্গলবার হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদল ও যুবদলের নয়জন নেতার নাম উল্লেখ করে মামলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং ছাত্রদলের কর্মী সোহেল দেওয়ান, রুহুল আমিন, ঢালী রুহুল আমিন, নুর এলাহী, সোহেল হাওলাদার ও মনু সিকদার।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, মঙ্গলবার রাতে সোহেল হাওলাদার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও ধরার চেষ্টা চলছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী কলাপাড়ায় এলে তাঁর গাড়িবহরের পাঁচটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছিল। এ কারণে আসামিরা ক্ষিপ্ত হয়ে গত সোমবার বেলা ১১টার দিকে কলাপড়া পৌরসভার নতুন বাজার এলাকায় মোস্তাফিজুর রহমানের ওষুধের দোকানে গিয়ে কর্মচারী আলমগীর হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তাঁকে মারধর ও আসবাব ভাঙচুর করে। পরদিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আসামিরা দা, রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মোস্তাফিজুর রহমানের দোকান ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে আসামিরা মোস্তাফিজুর রহমান ও কর্মচারী আলমগীরকে লাঠি দিয়ে মারধর করে লক্ষাধিক টাকা লুট করে চলে যায়।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি বিএনপি করি। আমার দলেরই একটি পক্ষ এ হামলা করায় আমি স্তম্ভিত।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদার বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত নন। মূলত কমিটি গঠন নিয়ে মোস্তাফিজুর রহমান কোণঠাসা হয়ে পড়ায় ভাঙচুর নাটক সাজিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। দলের নেতা-কর্মীদের নামে মামলা করায় এর নিন্দা জানাই।’