ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের কর্মী সোহাগ সন্যামতকে (২৫) গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার গুঠিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লালন মুহুরির নেতৃত্বে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
সোহাগ সন্যামত উপজেলা সদরের বিএনপির নেতা ফারুক সন্যামতের ছেলে।
উজিরপুর থানার পুলিশ জানায়, প্রায় এক বছর আগে সোহাগ সন্যামতের নেতৃত্বে লালন মুহুরির ওপর হামলা চালানো হয়েছিল। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে লালন মুহুরি দলবল নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সোহাগকে হত্যা করেন। এ সময় সাইফুল ইসলাম নামের তাঁর এক বন্ধু আহত হন। এ ঘটনায় সোহাগের মামা খোরশেদ আলম গতকাল শুক্রবার মামলা করেছেন। ঘটনার রাতেই পুলিশ লালন মুহুরির বাবা কাশেম মুহুরিকে গ্রেপ্তার করে। গতকাল সকালে লালনের বন্ধু সুমনকে গ্রেপ্তার করা হয়।
উজিরপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।