ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট থানার সামনে ছাত্রলীগের কর্মীরা সেন্টু রহমান (২৪) নামের ছাত্রদলের এক কর্মীকে লোহার রড, হাতুড়ি ও কাঠ দিয়ে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় সেন্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেন্টু উপজেলার পরানপুর গ্রামের সাজদার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল দুপুরে সেন্টু রহমান চারঘাট থানায় একটি সালিসে যোগ দিতে আসেন। সালিসের একপর্যায়ে চা পানের জন্য সেন্টু থানার সামনের চায়ের দোকানে যান। ছাত্রলীগের কর্মীরা সেন্টুকে সেখান থেকে একটি গলির ভেতরে ধরে নিয়ে যান। এরপর তাঁরা সেন্টুকে লোহার রড, হাতুড়ি ও কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁর চিৎকার শুনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক কর্মী জানান, গত উপজেলা পরিষদের নির্বাচনের সময় বিএনপি-সমর্থিত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষ নিয়ে সেন্টু চারঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হকের ওপর হামলা চালিয়েছিলেন। এর জের ধরে গতকাল ছাত্রলীগের কর্মীরা সেন্টুর ওপরে হামলা করেছেন।
তবে চারঘাট থানা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক ছাত্রদলের সেন্টুকে পেটানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের কেউ সেন্টুকে মারেনি। সেন্টুদের নিজেদের দুই পক্ষের মধ্যে গন্ডগোল ছিল। নিজেদের হামলায় সেন্টু আহত হয়েছেন।’
ওসি খোন্দকার গোলাম মোর্তুজা বলেন, তিনি ছুটে গিয়ে সেন্টুকে রক্ষা করেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।