হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে গতকাল রোববার ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ সময় দুই-তিনটি দোকান ভাঙচুর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে গতকাল ছাত্রদল কলেজে ধর্মঘটের ডাক দেয়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে। এতে ছাত্রলীগ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচজন আহত হন। আহত ছাত্ররা জেলা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় কলেজ এলাকায় দুই-তিনটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ বলেন, তাঁরা শান্তিপূর্ণ ধর্মঘটের ডাক দেন। মিছিলে কোনো উসকানি ছাড়াই ছাত্রলীগ হামলা চালায়। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী বলেন, ছাত্রদল কলেজের ভেতরে বিক্ষোভ মিছিল শুরু করে। যাতে কলেজে পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সে জন্য তাদের বাইরে চলে যেতে অনুরোধ করা হয়। এরপর তারা ছাত্রলীগের ওপর হামলা চালায়।