ছাত্রদল নেতা আটক, পরে মুক্ত
পাবনার ঈশ্বরদী পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনকে আটকের ১৩ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে শহরের পিয়ারাখালী এলাকা থেকে তাঁকে আটক করে ঈশ্বরদী থানার পুলিশ। তবে জাকির হোসেনের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই বলে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার ছাত্রদল নেতাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২টার দিকে পিয়ারাখালীর তিন রাস্তার মোড়ে দুটি মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশ এগিয়ে যায়। কিন্তু কোনো মোটরসাইকেলেই তখন চালক ছিল না। ঘণ্টাখানেক পর জাকির হোসেন সেখানে এলে ‘গভীর রাতে ঘোরাঘুরি করার সন্দেহে’ তাঁকে আটক করা হয়। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অন্য কোনো অভিযোগ না থাকায় গতকাল বেলা দুইটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম মোস্তফা জানান, জাকির হোসেনের বিরুদ্ধে যত মামলা আছে, সব কটিতে তিনি বর্তমানে জামিনে আছেন। তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরার পথে তাঁকে আটক করা হয়।