ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ ওরফে কমলকে (২৪) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার উপজেলার স্টেশন রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ইবনে আজাদকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রদলের নেতা ইবনে আজাদ ও এলাকাবাসী সূত্রে গেছে, গতকাল বেলা আনুমানিক আড়াইটায় আজাদ উপজেলার স্টেশন রোডের একটি বিপণিবিতান থেকে পৌর শহরের জামতলা মোড়ে নিজের বাড়ি যাচ্ছিলেন।
এ সময় ছাত্রলীগের কর্মী শাহাবুল লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাঁরা তাঁকে রামদা দিয়ে কুপিয়ে ও পাইপ দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন আজাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হামলার ব্যাপারে ছাত্রলীগের কর্মী শাহাবুলের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। কেউ অভিযোগও করেনি।’