ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা ছাত্রদলের নেতা জহুরুল হক ওরফে ঝন্টুকে কুপিয়ে আহত করেছে তিন অস্ত্রধারী। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাকাউল সড়কে এ ঘটনা ঘটে।
আহত জহুরুল হককে (২৯) উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জহুরুল জেলা ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক ও কোতোয়ালি থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমানের ছেলে।
জেলা ছাত্রদলের সভাপতি ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ জহুরুল হকের ফুপাতো ভাই। বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, বুধবার রাতে জহুরুল বাড়িতে ঢোকার মুহূর্তে সন্ত্রাসী হামলার শিকার হন। অস্ত্রধারী তিন ব্যক্তি তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর দুই পা, ডান হাত ও পিঠে জখম করে। তিনি বলেন, জহুরুল খুব নিরীহ প্রকৃতির। কেন তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটল তা বোঝা যাচ্ছে না।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ বলেন, ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জহিরুলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।