ছাত্রদল নেতাকে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর মারধর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে ছাত্রলীগের এক বহিষ্কৃত কর্মীর নেতৃত্বে মারধর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নতুন কলা ভবনের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শহীদ সালাম-বরকত হলের যুগ্ম আহ্বায়ক ও রসায়ন বিভাগের ৩৯ ব্যাচের ছাত্র জহির উদ্দিন পরীক্ষা শেষ করে ক্যাম্পাস-সংলগ্ন আমবাগানে তাঁর বাসার দিকে যাচ্ছিলেন। নতুন কলা ভবনের পশ্চিম পাশে এলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী আসিফ আহমেদের নেতৃত্বে ওই হলের পাঁচ-সাতজন ছাত্রলীগ কর্মী রড ও স্টাম্প দিয়ে তাঁকে বেধড়ক পেটান। মারধরের সময় আসিফ জহিরের নাকে ঘুষি দেয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত ঝরতে থাকে।
ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শিক্ষার্থী ও তাঁর বন্ধুরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শ্যামল কুমার শীল প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানতে চাইলে ছাত্রলীগ কর্মী আসিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাশকতার সঙ্গে ওর জড়িত থাকার প্রমাণ পেয়েছি। তাই ওকে মারধর করা হয়েছে।’
সহকারী প্রক্টর নাজমুল হাসান তালুকদার বলেন, ‘মারধরের কথা আমি শুনেছি। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ আসিফকে বহিষ্কার করে।