জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে ছাত্রলীগের এক বহিষ্কৃত কর্মীর নেতৃত্বে মারধর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নতুন কলা ভবনের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শহীদ সালাম-বরকত হলের যুগ্ম আহ্বায়ক ও রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র জহির উদ্দিন বিভাগের পরীক্ষা শেষ করে ক্যাম্পাসসংলগ্ন আমবাগানে তাঁর বাসার দিকে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নতুন কলা ভবনের পশ্চিম পাশে পৌঁছালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী আসিফ আহমেদের নেতৃত্বে পাঁচ-সাতজনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। তারা রড ও স্টাম্প দিয়ে জহিরকে বেধড়ক পেটায়। এতে তাঁর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। ছাত্রলীগের কর্মী আসিফ বলেন, ‘ক্যাম্পাসে নাশতকার সঙ্গে ওর (জহির) জড়িত থাকার প্রমাণ পেয়েছি। তাই ওকে মারধর করা হয়েছে।’ সহকারী প্রক্টর নাজমুল হাসান তালুকদার বলেন, ‘মারধরের কথা আমি শুনেছি। এর সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ আসিফকে সংগঠন থেকে বহিষ্কার করে।