ক্লাস করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে মারধরের শিকার হয়েছেন মাস্টারদা সূর্য সেন হলের ছাত্রদলের এক নেতা। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা আজিজুল হক ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সূর্য সেন হল শাখা ছাত্রদলের সদস্য। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল নেতাদের অভিযোগ, কয়েক দিন ধরে আজিজুলকে ক্লাসে না আসার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল ক্লাস শেষে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপসমাজসেবা-বিষয়ক সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন কর্মী তাঁকে মারধর করেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে অবিলম্বে ছাত্রলীগের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, প্রশাসনের পক্ষ থেকে শনিবারের মধ্যে এই ঘটনার কোনো ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘আমি শুধু শুনেছি, তবে কী হয়েছে তা জানি না।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, ‘দুপুরে ছাত্রদলের এক নেতাকে মারধরের বিষয়টি শুনেছি। তবে কারা মারধর করেছে সেই বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’