ছাত্রদল নেতার প্রতিষ্ঠানে যুবলীগের হামলা
পাবনার ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের ব্যবসাপ্রতিষ্ঠানে গত শুক্রবার রাতে যুবলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে এসে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা এ সময় গুলিবর্ষণ করেন ও ভাঙচুর চালান এবং নৈশপ্রহরীসহ তিনজনকে মারধর করেন।
শহরের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই রাতে ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ইমরুল কায়েস বলেন, তিনি বিকাশ, রবি ও ইউনিলিভারের ঈশ্বরদী অঞ্চলের পরিবেশক। তাঁর ব্যবসায়িক কার্যালয় মেসার্স কায়েস এন্টারপ্রাইজ শহরের রহিমপুর এলাকায়। শুক্রবার রাত ১১টার দিকে তিনি তাঁর কার্যালয়ের পাশে একটি সেলুনে বসেছিলেন।
এ সময় হঠাৎ হর্ন বাজিয়ে তিনটি প্রাইভেট কার ও ৫০-৬০টি মোটরসাইকেলের বহর নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা তাঁর অফিসের সামনে আসেন।
যুবলীগের নেতা-কর্মীরা এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের প্রধান ফটক লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালান। তাঁরা নৈশপ্রহরীসহ তিনজনকে মারধর করেন। আহত লোকজন হলেন কায়েস এন্টারপ্রাইজের নৈশপ্রহরী আবদুল হান্নান, তাঁর ভাই আবদুল মান্নান ও পাশের দোকানদার আলাল হোসেন। আবদুল হান্নানকে নাটোরের লালপুর উপজেলায় চিকিৎসা দেওয়া হয়েছে।
এরপর যুবলীগের নেতা-কর্মীরা রবি, বিকাশ ও ইউনিলিভার কার্যালয়ের বিভিন্ন দরজা-জানালা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র, কার্যালয়ের সামনে রাখা দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার ভাঙচুর করেন। এ সময়ও তাঁরা গুলি চালান। ইমরুল কায়েস বলেন, এ ঘটনায় তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ঘটনাস্থলে আসেন। তিনি কয়েকটি গুলির খোসা উদ্ধার করেন। এরপর ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার।
ইমরুল কায়েস বলেন, গতকাল শনিবার সকালেও গোয়েন্দা পুলিশের সদস্যরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে কয়েকটি গুলির খোসা উদ্ধার করে নিয়ে গেছেন। তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ওসি আব্দুল হাই তালুকদার বলেন, ইমরুল কায়েস হামলার ঘটনায় এখন পর্যন্ত কারও নাম জানাননি। লিখিত অভিযোগ দেবেন কি না, সেটিও বলেননি। তবে মামলা হলে অভিযুক্ত লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।