যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শহীদ আসাদ হল থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত পুলিশ ও কলেজ প্রশাসনের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা হল ত্যাগ করেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা হলটির দখল নেন।
সরেজমিনে দেখা গেছে, হলের ছাত্ররা বইপত্র, বালিশ, তোশকসহ নিজেদের ব্যবহৃত মালামাল নিয়ে একে একে নেমে যান। পাশে ছাত্রলীগের অন্তত ৫০ নেতা-কর্মী তখন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। পুলিশ ও আনসার বাহিনীর ১২ সদস্য দাঁড়িয়ে থাকেন। এ সময় টেলিভিশনের ক্যামেরার সামনে হলের এক ছাত্র ঘটনার বর্ণনা দিলে ছাত্রলীগের চার-পাঁচজন কর্মী তাঁকে মারধর করেন। পরে ছাত্রটিকে উদ্ধার করে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের হল শাখার এক নেতা বলেন, ‘ছাত্রলীগ সকালে এসে আমাদের হল ছেড়ে যেতে বললে, এ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডা হয়। এ সময় আমাদের চার-পাঁচজনকে মারধর করা হয়। এ ছাড়া আসবাবপত্র ভাঙচুর করা হয়। কলেজ প্রশাসনকে ফোন দিলে কেউ ধরেনি।’
হল ত্যাগের সময় ছাত্রদলের এক কর্মী বলেন, ‘সকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের হুমকির পর ভয়ে আমরা হল ছেড়ে চলে যাচ্ছি। কোথায় উঠব, তা এখনো ঠিক হয়নি। আপাতত কোনো বন্ধুর কাছে উঠতে হবে।’
মারধর ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রওশন ইকবাল বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা হলের ভেতর পেট্রলবোমা বানানোসহ নানা সহিংসতামূলক কর্মকাণ্ড চালাতেন। তাই ছাত্রলীগের পক্ষ থেকে তাঁদের হল ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়। তাঁরা স্বেচ্ছায় চলে যান। তাঁদের কেউ তাড়িয়ে দেননি।
ঘটনাস্থলে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তপন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখি, ছাত্ররা নিজেদের মালপত্র নিয়ে হল থেকে চলে যাচ্ছেন। তাঁদের কেউ হল থেকে তাড়িয়ে দিচ্ছে, এমন অভিযোগ কেউ করেননি।’
কলেজের উপাধ্যক্ষ শফিউল ইসলাম সরদার সাংবাদিকদের বলেন, ‘হল থেকে মালামাল নামানোর সময় আমি আসাদ হলে গিয়েছিলাম। ছাত্রদের হল থেকে কেউ নামতে বাধ্য করছে, এমন অভিযোগ কেউ করেনি।’
কলেজের ছাত্রছাত্রীদের আবাসনের জন্য দুটি করে মোট চারটি হল রয়েছে। তিনতলা শহীদ আসাদ হলে ১২০টি আসনের বিপরীতে থাকতেন মাত্র ৮০ জন।
কলেজের সাবেক ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৬ সাল থেকে এ হলটি জাতীয়তাবাদী ছাত্রদলের দখলে ছিল। অন্য হলটি রয়েছে ছাত্রলীগের দখলে।