ছাত্রদলের এক নেতাকে ছাত্রলীগের মারধর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরদিনই সংগঠনটির প্রচার সম্পাদক জুয়েল মৃধাকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
গত শনিবার রাতে মো. রফিকুল ইসলামকে সভাপতি ও আসিফুর রহমানকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৯৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল সকাল পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন জুয়েল। কিছু সময় ক্যাম্পাসে ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাহাদুর শাহ পার্ক এলাকায় অবস্থান নেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী লাঠি নিয়ে তাঁর ওপর হামলা করেন। এতে জুয়েলের মাথা ফেটে যায়। পরে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রাতে মুঠোফোনে জুয়েল প্রথম আলোকে বলেন, ‘বিনা কারণে আমার ওপর হামলা করা হয়েছে। লাঠির আঘাতে মাথা ফেটে যাওয়ায় ১২টি সেলাই লেগেছে।’