ছাত্রদলের কমিটি ঘোষণা এক পক্ষের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে গত শনিবার ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে গতকাল রোববার জেলা ছাত্রদলের আহ্বায়কের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

শনিবার রাতে উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আবু রায়হানকে আহ্বায়ক ও আবু সায়েম মিয়াজীকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা দেওয়া হয়। আর ইয়াছির আরাফাতকে আহ্বায়ক ও হান্নান তালুকদারকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এরপর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন সরকারের নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী টোরাগড় এলাকায় সাত-আটটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে রিপন বলেন, কমিটি ঘোষণার পর তাঁরা কয়েকজন নেতা-কর্মী রাস্তায় নেমেছিলেন।  এদিকে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে গতকাল দুপুরে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সায়েম মিয়াজীর নেতৃত্বে নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আহ্বায়কের কুশপুত্তলিকা দাহ করেন।