ছাত্রদলের কর্মীকে বেধড়ক মারধর ছাত্রলীগ কর্মীদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক কর্মীকে বেধড়ক মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কিছুদিন আগে কয়েকটি অনুষদের শ্রেণিকক্ষের তালায় সুপার গ্লু লাগানোর অভিযোগ এনে গতকাল বুধবার তাঁকে মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা একটার দিকে ক্লাস শেষে নতুন কলা ভবনসংলগ্ন মুরাদ চত্বরে চা খেতে আসেন ছাত্রদলের কর্মী এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র ইস্রাফিল হোসেন। এ সময় হঠাৎ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য মাহবুব হাসান, মাহফুজুল আলম, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কার্তিক ঘোষ, ছাত্রলীগের কর্মী আরিফুল ইসলামসহ প্রায় আট-নয়জন তাঁর ওপর হামলা চালান। তাঁরা তাঁকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে ইস্রাফিল দৌড়ে পালাতে গিয়ে নতুন কলা ভবনের পাশে হোঁচট খেয়ে পড়ে যান। তখন সেখানে তাঁকে দ্বিতীয় দফায় মারধর করা হয়। তাঁকে অ্যাম্বুলেন্সযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রদলের কর্মীকে মারধরের কথা স্বীকার করেছেন ছাত্রলীগের মাহবুব, কার্তিক ও আরিফুল।