জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের দুই নেতাকে হল থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ওই দুই নেতাকে বের করে দেওয়া হয়।
ছাত্রদলের নেতা সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু©শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসাইন ও আবু নাইম সাঈফকে হল থেকে বের করে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম। এ সময় কাইয়ুমের সঙ্গে ছাত্রলীগের কর্মী আসিফ আহম্মেদ ছিলেন।
কামাল হোসাইন বলেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্টে দলীয় সভার একটি ছবি দেওয়া হয়েছে। এ কারণে আমাদের হল থেকে বের করে দেওয়া হলো। এ বিষয়ে আমি প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও আবদুল কাইয়ুমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে মুঠোফোনে একজন আমার কাছে অভিযোগ দিয়েছেন। কোনো লিখিত অভিযোগ পাইনি।’