ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের মধ্যবাজারে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মোতালিব খান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক চৌধুরীর মধ্যে মতবিরোধ চলছিল। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেÿআজ সকালে মোতালিব খান-সমর্থিত উপজেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী একটি মিছিল বের করেন। মিছিলটি মধ্যবাজারে পৌঁছালে রফিক চৌধুরীর সমর্থিত নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা চালান। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই বাজারের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী আমজাদ বলেন, রফিক চৌধুরী বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। এমন একজন জ্যেষ্ঠ নেতার নির্দেশে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা কখনো কাম্য নয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এ ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তাঁর সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী ওরফে স্বপন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি এ সময় সেখানে উপস্থিত ছিলেন না। তিনি দাবি করেন, ‘ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজনের কর্মসূচি ছিল। শোভাযাত্রার শুরুর মুহূর্তে ছাত্রদল নামধারী কিছু সংখ্যক লোক আমাদের শোভাযাত্রায় হামলা করে। আমাদের সংগঠনের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে তা প্রতিহত করে। এতে পাল্টাপাল্টি ধাওয়ার সময় সংঘর্ষে আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছেন।’

ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ নিয়ে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।