ছাত্রদলের নেতাকে ছাত্রলীগের পিটুনি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে বেধড়ক পিটিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-পরিবেশবিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমেদ, শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম, আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশের সভাপতি সুমন সরকারসহ ১০-১৫ জন নেতা-কর্মী সমাজবিজ্ঞান অনুষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল চৌধুরীকে রড ও পাইপ দিয়ে বেধড়ক পিটুনি দেন।
খবর পেয়ে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। সেখান থেকে ইসরাফিল চৌধুরীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে পরে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
জানতে চাইলে শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ বলেন, ‘ও (ইসরাফিল) ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে। তাই আমরা ওকে মারধর করেছি।’
কটূক্তির কথা অস্বীকার করে ইসরাফিল জানান, নওশাদ তাঁকে অনুষদের ভেতর থেকে ডেকে বাইরে আনেন। এরপরই ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেন।