ছাত্রদলের নেতাকে পেটাল 'ছাত্রলীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা মারধরের শিকার হয়েছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে এই ঘটনা ঘটে।
আহত মো. ইয়াসিন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইতিহাস বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান শেষে সমাজবিজ্ঞান মিলনায়তন থেকে বের হন মো. ইয়াসিন। এ সময় তাঁর ওপর হামলা চালান ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতা-কর্মীরা। লাঠি ও রড দিয়ে ইয়াসিনকে বেধড়ক মারধর করতে থাকেন তাঁরা। খবর পেয়ে হাটহাজারী থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোকাদ্দেস মিয়া প্রথম আলোকে বলেন, ‘একজন শিক্ষার্থীকে কয়েকজন মিলে সমাজবিজ্ঞান অনুষদের সামনে মারধর করতে থাকে। আমরা গিয়ে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাই।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রক্টরকে এ বিষয়ে মৌখিকভাবে জানিয়েছি। কাল বুধবার (আজ) হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেব। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ক্যাম্পাসে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ছাত্রদলের এক নেতা ক্যাম্পাসে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ছাত্রলীগের নেতারা ধরে তাঁকে পুলিশে সোপর্দ করেছেন। মারধরের অভিযোগ সত্য নয়।