ছাত্রদলের নেতাসহ তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গতকাল বুধবার ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই দিন ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের গলাকাটা লাশ। এর আগের দিন গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুরের বৌবাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী এলাকায় গতকাল দুপুরে আবুল কাশেম মৃধা (২২) নামের এক তরুণকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। নিহত আবুল কাশেম গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইছাখালী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবুল কাশেমের সঙ্গে একই এলাকার শরীফ মিয়া (২৮) নামের এক তরুণের বিরোধ ছিল। সম্প্রতি এলাকায় একটি শিল্পকারখানার নির্মাণকাজের ভাগবাঁটোয়ারা নিয়ে সেই বিরোধ চরমে ওঠে। বিরোধ-মীমাংসার জন্য স্থানীয়দের উদ্যোগে সালিস বৈঠক হয়। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে কাশেমকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ওসি শাহাদত হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর: টঙ্গীতে নিহত ব্যক্তি হলেন জামালপুরের মেলান্দহ উপজেলা সদরের ইউনুছ আলী (৫৫)। তিনি বৌবাজার এলাকায় হোটেল ব্যবসা করতেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, বৌবাজার এলাকার জসিম উদ্দিন হোটেল ব্যবসায়ী ইউনুছের স্ত্রীর বড় ভাইয়ের ছেলে সুজন মিয়ার কাছে সাড়ে তিন হাজার টাকা পেতেন। মঙ্গলবার রাতে তিনি কয়েকজনকে নিয়ে ওই হোটেলে গিয়ে সুজনের কাছে পাওনা টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে জসিম ও তাঁর সহযোগীরা সুজনকে মারধর শুরু করেন। সুজনকে বাঁচাতে ইউনুছ আলী ও তাঁর এক ছেলে এগিয়ে যান। এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে তিনজনই গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুলবুল ও সাকিবুর নামের দুই যুবককে গ্রেপ্তার করে। টঙ্গী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।
সাভার: আশুলিয়ার আবদুল্লাপুর-বাইপাইল সড়কের ঘোষবাগ এলাকা থেকে গতকাল সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে যুবকটিকে হত্যা করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।