ছাত্রদলের পাঁচ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের রেলগেট এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি মিছিল থেকে ছাত্রদলের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হওয়ার প্রতিবাদে উপজেলা ছাত্রদল বেলা ১১টার দিকে মিছিল বের করে। রেলগেট এলাকায় এলে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়। তাঁরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, জেলা ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য গোলাম মুহিম, আশিকুর রহমান ও উপজেলা প্রজন্ম দলের সভাপতি গোলাম মোর্শেদ। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ওই পাঁচজনকে প্রতিরক্ষামূলক আইনে (১৫১ ধারা) গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।