ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় সংগঠনের নেতা-কর্মীরা পৃথক কর্মসূচি পালন করেছেন। জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের দুটি পক্ষ মিিছল বের করলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন হরতাল থাকায় গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়। সংগঠনের কয়েকজন নেতা-কর্মীর বিবরণ অনুযায়ী, সম্প্রতি ছাত্রদলের নেতারা জেলা বিএনপির দুটি পক্ষের নেতাদের অনুসারী হিসেবে কার্যক্রম শুরু করেন। গতকাল সকাল থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ উর জামান ও যুগ্ম আহ্বায়ক এম এ তালহা অনুসারীদের নিয়ে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করেন। এখানে অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান ও আহ্বায়ক কমিটির সদস্য লে. কর্নেল (অব.) সৈয়দ মো. কামরুজ্জামান। অন্যদিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ সরোয়ার ও মোমিনুল ইসলামের অনুসারীরা সাহিত্য পরিষদ চত্বরে কর্মসূচির আয়োজন করেন। এখানে অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস এবং যুগ্ম আহ্বায়ক খোন্দকার আবদুল জব্বার ও মজিবুল হক মালিক।
সদর থানা-পুলিশের পক্ষ থেকে উভয় পক্ষের মিছিলের জন্য হাসান চত্বর পর্যন্ত সীমানা নির্ধারণ করে দেওয়া হয়।
বেলা ১১টায় সাহিত্য পরিষদ চত্বর থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা অতিথিদের সঙ্গে নিয়ে মিছিল বের করেন। মিছিলটি বড়বাজার শহীদ হাসান চত্বর পার হওয়ার সময় পুলিশ বাধা দেয়। বাধা পেরিয়ে মিছিলটি রেলবাজারের দিকে এগিয়ে যায়। একপর্যায়ে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে মিছিল থেকে ধাওয়া করলে ছাত্রদলের অন্য পক্ষের নেতা-কর্মীরা পিছু হটেন। পরে তাঁরা মিছিল লক্ষ্য করে থেমে থেমে ইট নিক্ষেপ করেন। মিছিলটি চলে যাওয়ার পর শরীফ উর জামানের অনুসারীরা অতিথিদের নিয়ে মিছিল বের করেন। মিছিলটি শহীদ হাসান চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। ছাত্রদলের নেতা-কর্মীরা এ সময় বাধা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ মৃদু লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।