ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে হামলা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের মধ্যবাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা মিছিলে হামলা চালিয়েছে একটি পক্ষ। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে মুজিবুর রহমান (৪৫), সারোয়ার হোসেন (২৭), স্বপন মিয়া (৩৮), শাহ জীবন (২৫), এরশাদ মিয়া (৩৪) ও হামিদুল ইসলাম চৌধুরীকে (৩৭) ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা বিএনপি, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মোতালিব খান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক চৌধুরীর মধ্যে বিরোধ চলছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে আবদুল মোতালিব খান-সমর্থিত উপজেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী ধরমপাশা পূর্ববাজার থেকে মিছিল বের করে। মিছিলটি মধ্যবাজারে আবদুল খালেক ম্যানসনের সামনের সড়কে এলে রফিক চৌধুরীর নির্দেশে তাঁর সমর্থক ও নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা চালান। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজাদ বলেন, ‘রফিক চৌধুরী সাহেব বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। এমন একজন জ্যেষ্ঠ নেতার নির্দেশে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শোভন নয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য রফিক চৌধুরীর মুঠোফোনে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
রফিক চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী বলেন, ‘রফিক চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি এ সময় সেখানে ছিলেন না। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় কার্যালয়ে আমাদের আলোচনা সভা ও শোভাযাত্রার কর্মসূচি ছিল। বেলা সোয়া ১১টার দিকে শোভাযাত্রা শুরুর মুহূর্তে ছাত্রদল নামধারী কিছু লোক আমাদের ওপর হামলা করে। সংগঠনের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে তা প্রতিহত করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার সময় সংঘর্ষে আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছেন।’
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ নিয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।