ছাত্রদলের শোভাযাত্রায় ধাওয়া সিলেটে ১২ নেতা-কর্মী আটক
সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘বিদ্রোহী’ পক্ষের শোভাযাত্রায় ধাওয়া করে ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের মিছিলে ধাওয়া করে পুলিশ। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া হলে পুলিশ কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করে এবং ১২ নেতা-কর্মীকে আটক করে। পুলিশের দাবি আটক হওয়া ব্যক্তিরা বিভিন্ন মামলার পলাতক আসামি। তবে ছাত্রদলের নেতাদের অভিযোগ, নতুন কমিটির ইন্ধনে পুলিশ তাঁদের মিছিলে ধাওয়া করে নেতা-কর্মীদের আটক করেছে।
ছাত্রদল সূত্র জানায়, প্রায় এক যুগ পর সিলেট জেলা ও নগর ছাত্রদলের নতুন কমিটি গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ত্যাগীরা স্থান পাননি—এ অভিযোগ তুলে কমিটি ঘোষণার দিন থেকে ছাত্রদলের একটি পক্ষ ‘বিদ্রোহ’ করে কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখে। এ পক্ষটি স্থানীয়ভাবে ছাত্রদলের ‘বিদ্রোহী’ পক্ষ হিসেবে পরিচিত।
গতকাল শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের নতুন কমিটি কোনো কর্মসূচি না নেওয়ায় বিদ্রোহীরা বিকেল চারটার দিকে নগরের কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি জিন্দাবাজারের কাছে পুলিশের বাধার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের একটি দল শোভাযাত্রার সামনে দাঁড়িয়ে ‘আসামি’ গ্রেপ্তার অভিযান শুরু করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরাও পাল্টা ধাওয়া দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে সিলেট জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির সাবেক সদস্য লিটন আহমদ, সদর থানা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম, সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক লাভলু আহমদ, ছাত্রদলের কর্মী তীর্থ রায়, আলম হোসেনসহ ১২ জনকে আটক করে।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই শোভাযাত্রা থেকে নেতা-কর্মীদের ধরে নেওয়া হয়েছে। প্রথম আলোকে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নতুন কমিটি উদ্যাপন না করায় তাঁরা তাৎক্ষণিক শোভাযাত্রার আয়োজন করেন। এ কর্মসূচি পণ্ড করতেই নতুন কমিটির ইন্ধনে পুলিশ ধরপাকড় করেছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমতুল্লাহ জানান, আটক ১২ জন পুলিশের ওপর আক্রমণ, বিস্ফোরক ও গাড়ি ভাঙচুর মামলার পলাতক আসামি। এদের আটক করার সময় বাধা দেওয়ায় পুলিশ রাবার বুলেট ছুড়ে আসামিদের গ্রেপ্তার করেছে।