ছাত্রদলের সাবেক নেতা 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত বৃহস্পতিবার রাতে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোলাইমান উদ্দিন জিসান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত জিসানের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার লতিফপুর গ্রামে। স্থানীয় সূত্রগুলো জানায়, ১০ বছর আগে তিনি ছাত্রদলের নেতা ছিলেন। বর্তমানে জেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দলীয় নেতাদের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক ছিল। তবে বিএনপি দাবি করেছে, জিসান এখন দলের কেউ নন। পুলিশের ভাষ্য, তিনি সন্ত্রাসী। হত্যাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ৪৪টি মামলা রয়েছে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বার্ষিকীকে কেন্দ্র করে চলতি মাসের প্রথম সপ্তাহে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতাল কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত র্যা ব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হলেন। গত সোমবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন নুরুজ্জামান ওরফে জনি (৩০)। তিনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগের দিন রোববার রাতে মতিঝিল এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ইমরুল কায়েস (৩২)। তিনি জামায়াত নেতা ও নড়াইল পৌরসভার কাউন্সিলর ছিলেন। এ ঘটনার দুই দিন আগে ১৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট এলাকায় র্যা বের ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা মতিউর রহমান (২২) নিহত হন।
দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হকের ভাষ্যমতে, জিসান ঢাকা থেকে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নির্মাণাধীন চার লেন প্রকল্পের বাইপাস সড়কে ঢোকার সময় র্যা ব-১১-এর একটি দল তাঁকে থামার সংকেত দেয়। কিন্তু তিনি সংকেত উপেক্ষা করে চলে গেলে র্যা বের সন্দেহ হয়। তারা মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় (বাইপাসের শেষ প্রান্ত) র্যা বের আরেকটি দলকে বিষয়টি জানায়। জিসান পুটিয়া পৌঁছালে ওই দলটি তাঁকে থামার সংকেত দিলে তিনি র্যা বের সদস্যদের লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। র্যা ব পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে জিসান ঘটনাস্থলেই মারা যান।
এসআই এনামুল জানান, জিসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জিসানের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জিসান জেলা ছাত্রদলের পাঠাগারবিষয়ক সম্পাদক ছিলেন। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০৪ সালে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ২০০৬ সালের শেষের দিকে তিনি সৌদি আরবে চলে যান। চার বছর পর ২০১০ সালের শেষের দিকে ফেরেন। ২০১১ সালে আবারো জড়িয়ে পড়েন সন্ত্রাসী কর্মকাণ্ডে।
ওই সূত্র আরও জানায়, জিসানের বাবা বেঁচে নেই। দুই ভাই সৌদি আরব থাকেন। জিসানের একটি সন্তান রয়েছে। তবে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় বাচ্চাটি ঢাকায় দাদির সঙ্গে থাকত।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, জিসান দলের কেউ ছিলেন না।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, জিসান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানা, চন্দ্রগঞ্জ, নোয়াখালীর সুধারাম, বেগমগঞ্জ ও চাটখিলসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা রয়েছে।