সংঘর্ষে ছাত্র নিহত, বিশ্ববিদ্যালয় বন্ধ

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে কর্তৃত্ব নিয়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নাসিম আহমেদ সোহেল নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কমিটির সদস্য ছিলেন।
নাসিমের মৃত্যুর খবরে তাঁর কিছু সহপাঠী ও রাজনৈতিক নেতা-কর্মীরা নগরের প্রবর্তক মোড়, নিউ মার্কেট মোড়, ষোলোশহর দুই নম্বর ওয়াসা এলাকায় সড়ক অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালায়। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে।
এদিকে এ ঘটনায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রক্টর আহমেদ রাজীব চৌধুরীকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটি দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া খুনের ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

নিহত নাসিম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের এমবিএ’র ছাত্র ছিলেন। নগরের শেরশাহ কলোনির বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। তাঁর বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা সদর (দক্ষিণ) এলাকায়। তিনি নাসিমের সহপাঠীরা জানান, ছাত্র রাজনীতিতে তিনি (নাসিম) সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। আর হত্যাকাণ্ডের জন্য সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের আরেকটি অংশকে দায়ী করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, আগামী ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের দিন ধার্য ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি করা নিয়ে ছাত্রদের মধ্যে দুটি পক্ষের দ্বন্দ্ব সৃষ্টি হয়। তার পরও আজ সকাল থেকে বিবিএ অনুষদের তৃতীয় তলার একটি শ্রেণি কক্ষে বিদায় অনুষ্ঠানের মহড়া চলছিল। বেলা একটার দিকে আচমকা ২০-২৫ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ওই কক্ষে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় চারজন গুরুতর আহত হন। এর মধ্যে নাসিম আহমেদকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক জানান, নাসিমকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। এ ছাড়া আহত অবস্থায় ভর্তি আছেন নোটন শীল, মোহাম্মদ আহাদ ও মোহাম্মদ ইমতিয়াজ নামের তিন শিক্ষার্থী।
বিদায় অনুষ্ঠানে কর্তৃত্ব নিয়ে এ হত্যাকাণ্ড প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন ছাত্র খুনের ঘটনাকে দুঃখজনক অভিহিত করে বলেন, ‘বিদায় অনুষ্ঠানে কর্তৃত্ব নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিবিএ ফ্যাকাল্টিতে দীর্ঘ দিন ধরে নিজেদের মধ্যে বিবাদ লেগে আছে। ওরা সবাই নেতা হতে চায়। কিন্তু আমাদের অন্য ফ্যাকাল্টিতে এসব সমস্যা নেই।’

উপাচার্য আরও বলেন, ‘ছাত্র খুনের ঘটনায় নগরের কিছু এলাকায় রাস্তা অবরোধ করে রাখা হয়েছে বলে আমি শুনেছি। ভাঙচুর চলছে সর্বত্র। কিন্তু আমার ছাত্ররা এসবে নেই। বাইরের লোকজন এসব করছে। এই খুনের ঘটনায় পলিটিক্যাল কালারও (রাজনৈতিক রং) দেওয়া হচ্ছে। কিন্তু এই খুনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’
এই হত্যাকাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যজনক
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন আজ সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেলের মর্গে নিহত নাসিমের লাশ দেখতে যান। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই হত্যাকাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যজনক। গত কিছুদিন ধরে একটি মহল রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে আসছিল। তাঁরা দলের নীতি-আদর্শ ধারণ করেন না। দলের ভাবমূর্তি বিনষ্ট করতে রাজনৈতিক ব্যানারে আশ্রয় নিয়েছেন।’

মেয়র আরও বলেন, ‘অনুষ্ঠানে অতিথি হওয়ার জন্য নাসিম আমার কাছে এসেছিল। আমার আরেকটি অনুষ্ঠান থাকায় তাঁদের অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয় বলে জানাই।’ নাসিমকে যারা খুন করেছেন এবং আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাঁদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন মেয়র।
বিরোধের পরিপ্রেক্ষিতে জিডি করেছিলেন নাসিম
নগর ছাত্রলীগের সাবেক নেতা সালেহউদ্দিন এই হত্যাকাণ্ডের জন্য একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল, নাজমুল ও সামিরকে দায়ী করেন। তিনি বলেন, ‘নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান নিয়ে সপ্তাহ তিনেক আগে জয়নাল-নাজমুলদের সঙ্গে নাসিমের বিরোধ সৃষ্টি হয়। এ কারণে গত ২০ মার্চ চকবাজার থানায় নাসিম একটি সাধারণ ডায়েরি করেন।’
সালেহউদ্দিন বলেন, ‘হামলাকারীরা মহিউদ্দিন ভাইয়ের (মহিউদ্দিন চৌধুরী) অনুসারী। ওরা নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠানে মহিউদ্দিন ভাইকে প্রধান অতিথি করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের মেয়র নাছির ভাই রাজী না হওয়ায় নাসিমেরা উপাচার্যকে প্রধান অতিথি হিসেবে চেয়েছিলেন। এতে ক্ষুব্ধ হন জয়নাল-নাজমুলেরা।’

সালেহউদ্দিন আরও বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান নিয়ে গতকাল (সোমবার) দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত সে (নাসিম) আমার শেরশাহ কলোনির বাসায় পরামর্শ করে। সাধারণ শিক্ষার্থীদের চাপে সে অনুষ্ঠান নিয়ে মাথা ঘামাচ্ছিল বলে আমাকে জানায়। কিন্তু একজন শিক্ষার্থীকে এভাবে মেরে ফেলাটা বর্বরতা মনে হচ্ছে। ২০১২ সালে আমার হাত ধরেই সে ছাত্রলীগে আসে।’
প্রতিটি শিক্ষার্থী আমার সন্তানের মতো
জানতে চাইলে এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে এক বছর ধরে আমি যাচ্ছি না। সেখানে যাওয়ারও দরকার কী?’ তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমার হাতে গড়া। প্রতিটি শিক্ষার্থী আমার সন্তানের মতো। কিন্তু তুচ্ছ ঘটনায় একজন ছেলেকে খুন করা মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
অবরোধ ও দুর্ভোগ
নাসিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর কিছু সহপাঠী ও রাজনৈতিক নেতা কর্মী নগরের প্রবর্তক মোড়, ওয়াসা, মেহেদীবাগ, নিউমার্কেট, ষোলোশহর, চেরাগীপাহাড়, সিমেন্ট ক্রসিং, বাকলিয়া এলাকায় রাস্তা অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালায়। ছাত্ররা প্রবর্তক মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেও হামলা চালিয়ে ভবনের জানালার কাচ ভাঙচুর করেন। তাঁরা মেয়র নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। তবে মেয়র নাছিরের নির্দেশেই সন্ধ্যায় নগরের সব এলাকা থেকে অবরোধ তুলে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে উপাচার্য অনুপম সেনসহ শিক্ষকেরা পুলিশ পাহারায় মূল ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।

অবরোধের কারণে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মজীবী লোকজনের ভোগান্তি বাড়ে। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ থাকার কারণে বিকল্প সড়কে যানজটের চাপ বাড়ে। অবরোধ ও ভাঙচুরের কারণে কয়েকটি এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানপাট বন্ধ ছিল।
ভোগান্তির বর্ণনা দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শফিক চৌধুরী বলেন, ‘স্ত্রীকে নিয়ে মেহেদীবাগে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। ৩০-৩৫ জন ছেলে লাঠিসোঁটা নিয়ে মেহেদীবাগে ব্যাপক ভাঙচুর চালায়। হকার ও পথচারীদের কেউ রক্ষা পায়নি। পুলিশকে অসহায়ের মতো দেখা যাচ্ছিল।’
আটক ও ভিডিও ফুটেজ সংগ্রহ
খুনের ঘটনার পুলিশ অভিযান চালিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে আটক করেছে। হত্যাকাণ্ডের সময় কিছু দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করা হয়। পুলিশ সেটিও সংগ্রহ করেছে। ফুটেজ ধরে আসামিদের গ্রেপ্তার করা হবে বলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ জানিয়েছেন। তবে আটক ছাত্রদের পরিচয় তিনি দেননি।