কার্যালয় দখল নিয়ে ছাত্রফ্রন্টের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী থেমে থেমে হাতাহাতি ও মারামারি করেন উভয় পক্ষের নেতা-কর্মীরা। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
ছাত্রফ্রন্টের দুই পক্ষই একই নাম ব্যবহার করে। তবে চার বছর আগে ২০১৩ সালে তাদের মধ্যে যখন বিভেদ সৃষ্টি হয় তখন এক পক্ষ মার্ক্সবাদী এবং অপর পক্ষ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মূলধারার অঙ্গসংগঠন বলে পরিচিত পায়। তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের কার্যালয় থেকে মূলধারার নেতা-কর্মীদের বের করে দেন মার্ক্সবাদীরা। চার বছর ধরে মার্ক্সবাদীরাই কার্যালয়টি ব্যবহার করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে মূলধারার নেতা-কর্মীরা আঞ্চলিক সভা করার জন্য ওই কার্যালয়ে যান। সেখানে অবস্থান করা মার্ক্সবাদী নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বেলা একটার দিকে মূলধারার নেতা-কর্মীরা কার্যালয়ে তালা লাগিয়ে দেন। এরপর ধারাবাহিকভাবে দুই পক্ষের মধ্যে মারামারি চলতে থাকে। ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে উভয় পক্ষ বেশ কয়েকবার হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার অনুরোধ করার পরও দুই পক্ষকে কার্যালয়স্থল থেকে সরিয়ে নিতে পারেনি। তিন ঘণ্টা পর বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।
ছাত্রফ্রন্ট মার্ক্সবাদীর সভাপতি রফিকুজ্জামান ফরিদ বলেন, ‘চার বছর ধরে আমরা এই কার্যালয় ব্যবহার করে আসছি। আজ আমাদের সংগঠন থেকে বহিষ্কার হওয়া ব্যক্তিরা এসে পরিকল্পিতভাবে কার্যালয় দখল করতে এসেছে। এরা আমাকে পর্যন্ত মারধর করেছে। আমরা এর বিচার চাই।’
ছাত্রফ্রন্ট মূলধারার সভাপতি সৌরভ দাস বলেন, ‘কেন্দ্র থেকে আসা অতিথিদের নিয়ে আঞ্চলিক সভা করার জন্য আমরা কার্যালয়ে যাই। কার্যালয়টি আমাদের নামেই বরাদ্দ রয়েছে। কয়েক বছর আগে প্রতিপক্ষ আমাদের কার্যালয় থেকে বের করে দেয়।’
প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন বলেন, দুই পক্ষের কারওর মধ্যে ন্যূনতম ছাড় দেওয়ার মানসিকতা নেই। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও কেউ কার্যালয়স্থল ছাড়তে চাচ্ছেন না। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।