ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররা আবাসিক সুবিধা পেলেও ছাত্রীরা তা পাবেন না। ছাত্রীদের অনাবাসিক হিসেবে ভর্তি হতে হবে বলে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত নির্দেশিকায় শর্ত দেওয়া হয়েছে। আগামী ৮ নভেম্বর এ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। ছাত্রী হলে আসন না থাকায় তাঁদের অনাবাসিক হিসেবে ভর্তি হতে হবে।
ভর্তি-সংক্রান্ত নির্দেশিকায় ‘হল আবাসন’ নামে ৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘ছাত্রী হলে কোনো আসন খালি না থাকায় ২০১৫ সালে স্নাতক শ্রেণির ছাত্রীদের অনাবাসিক ছাত্রী হিসেবে ভর্তি করা হবে। তারা অনাবাসিক ছাত্রী হিসেবে হলে কোনো সিট দাবি করতে পারবে না। তবে, হলে সিট খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে তাদের সিট দেওয়া যেতে পারে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান শিক্ষার্থীর প্রায় ৪০ ভাগ ছাত্রী। অথচ বিশ্ববিদ্যালয়ের ১২টি হলের মধ্যে মাত্র তিনটি ছাত্রীদের। বেশ কয়েক বছর ধরেই ছাত্রীদের আবাসন-সংকট চলছে। এ অবস্থায় গত বছরের ২৮ ডিসেম্বর নতুন একটি ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও সেটির নির্মাণকাজেও কোনো অগ্রগতি নেই। আগামী বছরের জুলাই নাগাদ হলটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে যেখানে হলটি হওয়ার কথা সেখানে অবস্থিত কয়েকটি দালান এখনো ভাঙাই হয়নি। ফলে হলটির নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হওয়া অনেকটাই অনিশ্চিত।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী শাহীন ইসলাম খান বলেন, হলটির নির্মাণ পরিকল্পনা ও নকশার কাজ শেষ হয়। এ মাসেই নির্মাণকাজ শুরু হবে। তবে আগামী জুলাইয়ে কাজ শেষ হবে কি না, তা তিনিও নিশ্চিত করতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, আবাসন সমস্যা মোকাবিলার কোনো প্রস্তুতিই নেই প্রশাসনের। তা ছাড়া এবার আসন বাড়ানোয় আরও বেিশ ছাত্রী ভর্তি হবেন। তাঁদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পর ছেলেদের চেয়ে মেয়েদের অভিভাবকেরা সন্তানদের আবাসন ও নিরাপত্তা নিয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন। অথচ এখানে প্রশাসন উল্টো ছাত্রীদের ব্যাপারে উদাসীন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আবদুল মোমেন মিয়া বলেন, কিছু জটিলতার কারণে নতুন হল নির্মাণকাজ শুরু করা হয়নি। আর পুরোনো তিন হলে আসন না থাকায় নতুন ছাত্রীদের আবাসিক হিসেবে ভর্তি করা হবে না। তবে প্রশাসন এ ব্যাপারে ওয়াকিবহাল। এ বিষয়ে প্রশাসনের আরও বৈঠক হওয়ার কথা।