ছাত্ররাজনীতি নিষিদ্ধ, চার শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সংঘর্ষে জড়িত চার শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি তিন সদস্যের কমিটি করে ৭ থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল রোববার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত হয়।
সাময়িক বহিষ্কৃতরা হলেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ২০তম ব্যাচের ছাত্র সাইফুল্লাহ মানসুর, ছাত্রলীগের কর্মী ২২তম ব্যাচের ছাত্র সাকিউল ইসলাম ও অনিন্দ্য সুন্দর এবং ২৩তম ব্যাচের ছাত্র মো. রাসেল।
সংঘর্ষের ঘটনায় নগরের সোনাডাঙ্গা থানায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি হিসেবে ছাত্রলীগের কলেজ শাখার বিলুপ্ত কমিটির সভাপতি সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু ও সাধারণ সম্পাদক রুমান আহম্মেদের নাম আছে। এসব মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে একাডেমিক কাউন্সিলের সভা হয়। সেখানে কলেজের শিক্ষকেরা ছাড়াও খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সোনালী সেন ও সোনাডাঙ্গা থানার ওসি সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
কলেজ অধ্যক্ষ ও একাডেমিক কাউন্সিলের সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব প্রথম আলোকে বলেন, খুলনা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি সব সময় বন্ধ ছিল। তবে অঘোষিতভাবে রাজনীতি চলত। সংঘর্ষের ঘটনার পর প্রধানমন্ত্রীর দপ্তর, স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
অধ্যক্ষ বলেন, কেন সাময়িক বরখাস্ত হওয়া চার ছাত্রকে স্থায়ী বহিষ্কার করা হবে না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
সংঘর্ষের পর গতকাল কলেজে কোনো ক্লাস হয়নি। দিনভর ছিল চাপা উত্তেজনা। হলগুলো খোলা থাকলেও অনেকে বাইরে চলে গেছেন। পরিস্থিতি শান্ত রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত শনিবার আধিপত্য বিস্তার নিয়ে খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সাধারণ শিক্ষার্থীসহ প্রায় ২৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।