ছাত্রলীগ ও অটোরিকশাচালক সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় গতকাল রোববার বিকেলে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় সিএনজি অটোরিকশার চালকদের সংঘর্ষে অন্তত ৪০জন আহত হয়েছেন। সংঘর্ষ চলকালে প্রায় এক ঘণ্টা সুনামগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় ৩০টি অটোরিকশা ও টেম্পো ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে স্থানীয় আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সিলেট বিভাগের নেতাদের শুভেচ্ছা জানিয়ে গোবিন্দগঞ্জ এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলটি ট্রাফিক পয়েন্ট অতিক্রম করার সময় সিএনজি অটোরিকশার এক চালকের সঙ্গে ছাত্রলীগের এক কর্মীর ধাক্কা লাগে। এ নিয়ে প্রথমে দুজনের কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। এরপর দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন। এ সময় অটোরিকশা ও টেম্পো ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত আবুল কাশেম, রাকিব উদ্দিন, সিরাজুল ইসলাম, ছদর মিয়া, মোতাহার হোসেন, ওবায়দুল হক, লিটন মিয়া, শাকির উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।