ছাত্রলীগ ও যুবলীগ নেতারা কেটে নিচ্ছেন ঠিকাদারের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দরপত্রের মাধ্যমে পাওয়া এক ব্যক্তির চার লক্ষাধিক টাকার গাছ জোরপূর্বক ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতারা কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লাপাড়া রেলস্টেশন এলাকার বিএডিসি সার গোডাউন চত্বরে ঘটনাটি ঘটেছে।
এ ছাড়া ওই ব্যক্তিকে আটকে রেখে মারধর করে ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তি উল্লাপাড়া থানায় লিখিত অভিযোগ করলেও অজ্ঞাত কারণে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
অভিযোগপত্র, থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার সজীব এন্টারপ্রাইজের মালিক আরিফুল ইসলাম দরপত্রে অংশ নিয়ে বিএডিসি সার গোডাউন চত্বরের দুটি পুরোনো ভবন ও ৫১টি গাছ কেনেন। গত ৮ জানুয়ারি কার্যাদেশ পাওয়ার পর আরিফুল পুরোনো দুটি ভবন বাইরে বিক্রি করে দিয়ে গাছগুলো নিজের নিয়ন্ত্রণে রেখে গত শুক্রবার কাটতে যান। এ সময় উল্লাপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহসান, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহাদৎ হোসেন ও যুবলীগের সাবেক আহ্বায়ক মমতাজ হোসেন বাধা দেন। একপর্যায়ে নেতারা আরিফুল ও তাঁর ছোট ভাইকে আটক করে মারধর করে ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এর পর থেকে নেতারা গাছগুলো কাটা শুরু করেন। ইতিমধ্যে তাঁরা ১০টি গাছ কেটে নিয়েছেন এবং বাকিগুলো কাটা অব্যাহত রেখেছেন।
আরিফুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা দলবল নিয়ে তাঁকে ও তাঁর লোকজনকে আটকে রেখে বেধড়ক মারধর করেন এবং জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য করেন। এর পর থেকে তাঁরা গাছগুলো কেটে নিচ্ছেন। বিষয়টি নিয়ে থানায় এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে অভিযোগ দিলে পুলিশ যুবলীগের নেতা মমতাজকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিষয়টি মীমাংসার কথা বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শহিদুল ইসলাম যুবলীগের ওই নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনেন। কিন্তু আজ পর্যন্ত তিনি এ ঘটনার কোনো সুরাহা দেননি।
মীর শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমরা নেতা-কর্মীদের বলেছি, যার গাছ সে কাটবে। এখানে হস্তক্ষেপ করা যাবে না। তার পরেও যদি কেউ অন্যায়ভাবে গাছ কাটার সঙ্গে জড়িত থাকে, এর জন্য তারাই দায়ী থাকবে। তারা কোনো সহযোগিতা পাবে না।’
গাছ কাটার স্থানে উপস্থিত ইসাহাক আলী বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের একটি পক্ষ স্থানীয় সাংসদের সঙ্গে আলোচনা করে গাছগুলো আমাদের কাছে বিক্রি করেছে। এ কারণে আমরা সেগুলো কেটে নিচ্ছি।’
তবে শাহাদৎ হোসেন ও মমতাজ হোসেন দাবি করেন, ‘আরিফুলের সঙ্গে সমঝোতা করে দরপত্রে অংশ গ্রহণ করা হয়। তাঁর লাইসেন্সে কাজটি পাওয়ার পর তিনি আমাদের কাছে বিক্রি করেন। এ কারণে আমরা গাছগুলো কেটে নিচ্ছি। তাঁকে মারধর বা জোর করে স্বাক্ষর নেওয়ার প্রশ্নই ওঠে না।’