ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে শিক্ষকদের মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজনকে গতকাল সোমবার মারধর করা হয়েছে। অভিযোগ উঠেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সদর থানা যুবলীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছেন।

আহত শিক্ষকেরা হলেন, প্রধান শিক্ষক শামসুল আলম ও সহকারী শিক্ষক হুসাইন মোহাম্মদ এরশাদ।

প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। নির্বাচন করার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করে কয়েক দিন আগে তা অনুমোদনের জন্য উপজেলা প্রশাসনে জমা দেন তিনি। শহর আওয়ামী লীগের এক নেতা গত রোববার বিকেলে তাঁকে ফোন দেন। তিনি জানতে চান, কমিটি গঠন করার সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের মতামত নেওয়া হয়েছিল কি না। মতামত নেওয়া হয়নি বললে ওই নেতা তাঁকে গালিগালাজ করেন।

তিনি আরও বলেন, গতকাল সকালে বিদ্যালয়ের সামনে সেতুর ওপর এলে সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ কয়েকজন আচমকা তাঁকে মারতে শুরু করেন। পরে তাঁকে বিদ্যালয়ের গেটের সামনেও পেটান। এ সময় স্কুলের কম্পিউটার বিষয়ের শিক্ষক এরশাদ ঠেকাতে এলে তিনিও আহত হন।

আনিসুর রহমান মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের লাঠি ও হকিস্টিক দিয়ে পেটানো হয়েছে বলে লিখিত অভিযোগ পেয়েছেন।