ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ, শিশু 'গুলিবিদ্ধ'
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানি বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় মাসুম নামের এক শিশু ‘গুলিবিদ্ধ’ হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মাসুমকে (১০) প্রথমে খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে রাত আটটার দিকে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বেলা তিনটার দিকে এলাকায় প্রাধান্য বিস্তার নিয়ে জহির-বাসু পক্ষের সঙ্গে খান মাসুম পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় কোনো শিশু গুলিবিদ্ধ হয়েছে কি না, তা তাঁর জানা নেই। তিনি আরও বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ায় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর ও হানিফ নামের দুজনকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নান বলেন, শিশুটির ডান হাতের ওপরের অংশে জখম রয়েছে। তবে তা কিসের, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাবে না। হাসপাতালের রেজিস্টারে শিশুটির বাবার নাম লেখা হয়েছে হাবি। বাড়ি ইস্পাহানি বাজারে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের সঙ্গে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম ও শীতলক্ষ্যা নদীর তীরে একটি ডকইয়ার্ডের মালিক আবুল কালাম বাসুর বিরোধ রয়েছে। এর জেরে গতকাল এ সংঘর্ষ হয়। এ সময় শিশুটি গুলিবিদ্ধ হয়।
জহিরুল ইসলাম বলেন, খান মাসুদের নেতৃত্বে বাসুর ডকইয়ার্ডে হামলা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বাসু আহত হয়েছেন। তিনি একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন।
হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে খান মাসুদ বলেন, ডকইয়ার্ডে রঙের কাজের ঠিকাদার নাদিম ও মাসুদের পাওনা পরিশোধ করেননি বাসু। এ ঘটনার প্রতিবাদ জানালে বাসুর লোকজন তাঁদের মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী বাসুর লোকজনকে ধাওয়া দেয়।